সাতকানিয়ায় জামায়াত-শিবিরের ৬ কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশ-র্যাবের যৌথ অভিযানে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া ওই অভিযান এখনও চলছে বলে জানান সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল হোসেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সাতকানিয়া, লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তাণ্ডব চালায় জামায়াত-শিবির কর্মীরা।
ওই সময় জামায়াত-শিবির কর্মীদের তাণ্ডবে পুলিশ ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়। চারদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে রাখে তারা।
এদিকে গত ১৩ এপ্রিল সাতকানিয়ার তালগাঁও ইউনিয়নে মামলার আসামি ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূইয়া জানান, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলছে।অভিযান শেষ না হওয়া পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা জানানো সম্ভব নয়।
অভিযানে র্যাব-পুলিশের পাশাপাশি এপিবিএনও রয়েছে বলে জানান তিনি।
