২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্জ ফ্লাইট শুরু ৭ সেপ্টেম্বর

আগামী হজে সৌদি আরবে হাজিদের নিয়ে যাওয়ার জন্য হজ ফ্লাইট শুরু হবে ৭ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান জানান, হজ ফ্লাইট চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আর আগামী ২০ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট চলবে।

বুধবার সচিবালয়ের ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, এয়ারলাইন্স কর্তৃপক্ষ, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (হাব) হজ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করেন ফারুক খান।

মন্ত্রী বলেন, এ বছর এক লাখ ৩০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। এদের মধ্যে বাংলাদেশ বিমান ৬৫ হাজার এবং সৌদি এয়ারলাইন্স ৬৫ হাজার হজযাত্রী পরিবহন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ অক্টোবর হজ হওয়ার কথা রয়েছে।

হাজিদের জন্য এবার ২০-২২ দিনের স্বল্প মেয়াদী এবং ৪৫ দিনের দীর্ঘমেয়াদী প্যাকেজ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে ফারুক খান বলেন, এবার 'থার্ড ক্যারিয়ারের' কোনো প্রয়োজন নেই।

গত বছর কয়েকটি হজ এজেন্সি হজ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার চেষ্টা করেছিল জানিয়ে মন্ত্রী বলেন, ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে ২২টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সিভিল এভিয়েশেনের পক্ষ থেকেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হাজিরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়েন সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সৌদি আরবে বাড়িভাড়া নেয়ার আগেই ফ্লাইট সূচি প্রকাশ করা হবে।

হজযাত্রীদের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ে গঠিত টাস্কফোর্সকে ১৫ দিন পর পর সমন্বয় সভা করে হালনাগাদ তথ্য মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে বলেও জানান ফারুক খান।