২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষ নেয়ার সময়’ পুলিশসহ আটক ৩

নওগাঁ পৌরসভায় কথিত মাদক ব্যবসায়ে ঘুষ লেনদেনের অভিযোগে দুই পুলিশসহ তিনজনকে পিটুনি শেষে পুলিশে দিয়েছে জনতা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকালে পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।  

আটকরা হলেন নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মনজিত কুমার, কনস্টেবল জাহেদুল ইসলাম এবং কথিত মাদক ব্যাবসায়ী এজ্জাকুল ইসলাম এজ্জুল।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

নওগাঁ সদর থানার ওসি মোজাম্মের হক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আটক দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের আবেদনে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা এবং পুলিশিং কমিটি পিরোজপুর ইউনিটের সভাপতি সাজেদুর রহমান সেন্টু বলেন, স্থানীয় সকিন উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম একই এলাকার আয়েজ উদ্দিনের ছেলে এজ্জাকুল ইসলাম এজ্জুলসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।    

তারা জানান, সকাল ১১টার দিকে ঘুষের টাকা লেনদেনের সময় এলাকাবাসী টাকাসহ ওই তিনজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।