২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের আহতদের জন্য রক্তের প্রয়োজন

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে থেকে উদ্ধার করা শত শত আহতের জন্য প্রচুর রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের বাঁচাতে রক্ত দান করার জন্য আহ্বান জানিয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 10:16 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকালে নয় তলা ভবনটি পড়ার পর ধ্বংসস্তূপ থেকে শত শত মানুষকে একের পর এক উদ্ধার করা হচ্ছে, যাদের বেশিরভাগকেই নেয়া হচ্ছে কাছের বেসরকারি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের ৪০০ শয্যা কিছুক্ষণের মধ্যেই ভরে গেছে। এখনও আনা হচ্ছে আহতদের, যাদের জন্য প্রচুর রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতালেও আহতদের আনা হচ্ছে। আহতদের নেয়া হচ্ছে সাভারের বিভিন্ন ক্লিনিকেও।

রক্ত দানে আগ্রহীদের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল আসতে বা যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আগ্রহীরা ১৯৮১২১২৭৭৭, হাসপাতালের রিসিপশন- ০২-৭৭৪৩৭৭৯ থেকে ৮২ এবং ০১৭১৬৩৫৮১৪৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট তরিকুল ইসলাম বলেন, “আগ্রহীরা ইচ্ছা করলে রক্ত সংগ্রহ করে নিয়ে আসতে পারেন অথবা এখানে স্বশরীরে এসেও রক্ত দেওয়া যাবে।”

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ব্লাড ক্যাম্পের মাধ্যমে রক্ত সংগ্রহ চলছে।

এছাড়াও শাহবাগের গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনেও একটি ব্লাড ক্যাম্প গঠন করা হয়েছে। মঞ্চের মেডিকেল টিমের সাঙ্গে উজ্জ্বল (০১৭১৭৬৪৩২০৫), সাগর (০১৯২৫১৫০২০৪) যোগাযোগ করে রক্ত দান করা যাবে বলে জানায় গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্প্যাদিত্ত বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহবাগ থেকে রক্ত সংগ্রহ করে অতি দ্রুত তা সাভারে পৌঁছানো হবে।”

যারা দূর থেকে রক্ত সংগ্রহ করে আনবেন তাদের আইস ব্যাগে করে রক্ত আনার জন্য অনুরোধ জানান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তরিকুল।

আহতদের জন্য রক্ত সংগ্রহ করতে ক্যাম্প খুলেছে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বুধবার বিকাল সাড়ে ৪টায় দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) উদ্যোগে এই রক্ত সংগ্রহের এই কর্মসূচি শুরু হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারেও রক্ত সংগ্রহের জন্য ক্যাম্প খোলা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ক্যাম্পে রক্ত দেয়ার জন্যে সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আহবান জানানো হচ্ছে। প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগের ফোন নম্বর: ০১৭১৬৩৯৯৩৭২, ০১৭১১২৮৫৬৪৭।

যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সব নেতা-কর্মীকে সাভারে দুর্গতদের পাশে দাঁড়ানো এবং আহতদের জন্য রক্ত দেয়ার আহ্বান জানানো হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নজমুল আলম জানান, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের সদস্যরা রক্ত দান করছে। ছাত্রলীগের পক্ষ থেকে এই রক্ত সাভারে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

ফেইসবুকসহ অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও আহতদের জন্য রক্ত দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ছাড়াও সেনাবাহিনীর চারটি দল এবং বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধার অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার ফাটল ধরা ‘রানা প্লাজা’ নামের নয় তলা ভবনটি বুধবার সকাল সাড়ে আটটার দিকে ধসে পড়ে। এ ঘটনায় দুপুর পর্যন্ত অন্তত ৮০ টি লাশ উদ্ধার করা হয়। এখনো অনেকজন ধসে পড়া সেই ভবনের নিচে আটকা পড়ে আছেন।