২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের দ্বিতীয় দিনে বিস্ফোরণ, ট্রাকে আগুন

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে কদমতলীতে একটি ট্রাক পুড়িয়েছে শিবির কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 02:41 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

এছাড়া তেজগাঁও ও উত্তরায় ঝটিকা মিছিল থেকে হাতবোমা ফাটিয়েছে ছাত্রদল কর্মীরা।   

তবে প্রথম দিনের তুলনায় যানবাহনের সংখ্যা বাড়ায় বুধবার সকালে হরতালের প্রভাব খুব একটা দেখা যায়নি রাজধানীতে।

সকাল থেকেই রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। রাস্তায় গণ পরিবহন ও প্রাইভেট কারের সংখ্যাও মঙ্গলবারের তুলনায় বেশি। সকাল থেকেই কাজের স্থানে ছুটতে দেখা গেছে বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে।      

হরতালের কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে অধিকাংশ দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে গাবতলি বাস টার্মিনাল থেকে আরিচাগামী কয়েকটি বাস ছেড়ে যেতে দেখা গেছে। এছাড়া তিতাস পরিবহনের বাসগুলো রাজধানী থেকে সভার-নবীনগর হয়ে চন্দ্রা পর্ন্ত চলাচল করছে।

রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও র্যর‌্যাব সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে আছেন। তবে হরতালকারীরা মূল সড়ক এড়িয়ে পিকেটিংয়ের চেষ্টা করছে অলিগলিতে।

পুলিশের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার মো. মিনহাজুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে কদমতলী এলাকায় শিবিরের মিছিল থেকে একটি ছোট ট্রাকে আগুন দেয়া হয়। পরে স্থানীয়রাই তা নিভিয়ে ফেলেন।

কাছাকাছি সময়ে বিজয় সরণী ও সাত রাস্তার মোড়ে ছাত্রদল কর্মীদের ঝটিকা মিছিল থেকে কয়েকটি হাতবোমা ফাটানো হয়।

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই মনোজ কান্তি জানান।

এছাড়া উত্তরা এলাকায়ও ছত্রদল কর্মীরা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ক্রিকেট ব্যাট হাতে গাড়ি ভাংচুরের চেষ্টা করতে দেখা যায় কয়েকজন হরতালকারীকে।    

মঙ্গলবার হরাতলের প্রথম দিনও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি চলে। হাতবোমা ফাটানো হয় মহানগর দায়রা জজ আদালত চত্বরেও। জুরাইন এলাকায় বাড়ির নিচে পড়ে থাকা পলিথিনের ব্যাগ খুলতে গিয়ে বিস্ফোরণে আহত হন মা ও মেয়ে।

গাড়ি ভাংচুর করায় হরতালের প্রথম দিন রাজধানীতে কয়েকজন নারী পিকেটারসহ ১১ জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, হরতালে প্রথম দিনে সারাদেশে বিরোধী দলের ১৭০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এই সংখ্যা নিশ্চিত করা হয়নি। 

হরতালের প্রথম দিন ‘পুলিশ ও সরকার সমর্থকদের হামলায়’ বিএনপির ২৯০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন শামসুজ্জামান দুদু । ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষনেতারা গ্রেপ্তার হওয়ার পর তিনিই বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসছেন।

ঢাকার একটি আদালত গত রোববার মির্জা ফখরুলসহ সাত নেতার জামিন আবেদন নাকচ করার পরপরই হরতালের এই ঘোষণা আসে।

জোটের অন্য দাবিগুলো হচ্ছে- আটক নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহাল ও সরকারের পদত্যাগ।

সারা দেশে বুধবার সন্ধ্যা ৬টায় এই হরতাল শেষ হওয়ার কথা থাকলেও ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার জন্য চট্টগ্রামে হরতাল হবে বেলা ২টা পর্যন্ত।

গত ১১ মার্চ নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে বিরোধী দলের ১৫১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মির্জা ফখরুল, মওদুদ আহমদসহ আরো কয়েকজন নেতাকে কারাগারে পাঠানো হয়।  

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এর আগে ১৮ ও ১৯ মার্চ, ২৭ ও ২৮ মার্চ এবং ৯ ও ১০ এপ্রিল ৩৬ ঘণ্টা করে তিন দফা হরতাল করে ১৮ দলীয় জোট।