২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষে গোলাগুলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

একটি আলোচনা সভা চলাকালে মঙ্গলবার রাতে ছাত্রলীগের হল সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটে।

পায়ে গুলিবিদ্ধ শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এমবিএ’র ছাত্র। গুলিবিদ্ধ অন্যজন হলেন ক্যান্টিনের কর্মী রাজীব চন্দ্র দাস। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম আচার্যের মৃত্যুবার্ষিকীতে রাতে হলের নবনির্মিত ভবন সন্তোষ চন্দ্র ভট্টাচার্য মিলনায়তনে আলোচনা সভা হচ্ছিল।

সেখানেই সাধারণ সম্পাদকের সমর্থক দ্বিতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে সভাপতি সমর্থক চতুর্থ বর্ষের এক ছাত্রের কথাকাটাকাটি হয়। এই নিয়ে দুই পক্ষ অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সাধারণ সম্পাদকের সমর্থকরা হলের ছাদ থেকে গুলি ছুড়লে সভাপতি সমর্থকরা হলে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়।

এ সময় তিনটি হাতবোমার বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে হল প্রক্টরসহ প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকরা হলে গেছেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারাও হলে গেছেন।