উখিয়া উপজেলা চেয়ারম্যানকে অব্যাহতি
সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে কক্সবাজার জামায়াতের নায়েবে আমির শাহজালাল চৌধুরীকে উখিয়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
একাধিক মামলার আসামি এই চেয়ারম্যান এখন কারাগারে রয়েছেন।
রোববার এ সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশ দিয়েছে বলে ইউএনও জানান।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম শাহ আলম ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে সোমবার থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, শাহজালাল চৌধুরী সাম্প্রদায়িক উস্কানি, সহিংসতা ও জনদুর্ভোগ সংক্রান্ত অভিযোগে সম্পৃক্ত হয়ে ফৌজদারী অপরাধে অভিযুক্ত হওয়ায় তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হল।
২০১২ সালের ৩০ সেপ্টেম্বর উখিয়ায় কয়েকটি বৌদ্ধ বিহারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় দায়ের করা ৭টি মামলার মধ্যে একটি মামলার এজাহারভুক্ত আসামি শাহজালাল চৌধুরী।
এরপর কিছুদিন পালাতক থাকলেও হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন। ১৭ জানুয়ারি অন্য ৬টি মামলার ২টিতে অজ্ঞাত পরিচয় আসামি হিসেবে তাকে আবার গ্রেপ্তার করা হয়।
