২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট

পূর্ব বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রতিপক্ষের লোকজন পুলপাড়া গ্রামের শতাধিক বাড়ি জ্বালিয়ে দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

এ সময় তারা ওইসব বাড়িঘরে লুটপাটও চালায়। তবে, লোকজন পালিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার বিকালে ঝিলিম ইউনিয়নের পুলপাড়া গ্রামে এ হামলা চালায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর মহল্লার লোকজন।

পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিযন্ত্রণে আনে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। 

স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের এএসপি (হেড কোয়ার্টার) অহিদুল ইসলাম বলেন, বিকাল ৫টার দিকে পৌর এলাকার আলীনগর মহল্লার প্রায় দুইশ’ লোক লাঠি, ধারালো অস্ত্র ও হাতবোমা নিয়ে পুলপাড়া গ্রামে বাড়িঘরে প্রথমে লুটপাট এবং পরে আগুন দেয়।

এএসপি আরো বলেন, এতে অন্তত একশ’ বাড়ি পুড়ে গেছে বলে জানান এলাকাবাসী।

হামলাকারীদের ছোড়া হাতবোমার আঘাতে এক পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।

পুলপাড়া গ্রামের সৈয়দ আলী ও মোহাম্মদ সুলতান বলেন, আলীনগর মহল্লার লোকজন ওই সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।

প্রায় দেড়ঘণ্টার এ তাণ্ডব চলাকালে তারা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেন বলে জানান।

তারা আরো বলেন, গ্রামের লোকজন প্রায় সবাই দিনমজুর। তারা রাস্তার দুপাশে খাস জমিতে বসবাস করেন। এখন একেবারে সহায়হীন হয়ে গেছেন।

গত ১৫ এপ্রিল আলীনগরের লোকজন হোসেন ডাইং মহল্লার রিপন নামের এক যুবককে পিটিয়ে আহত করে। ১৭ এপ্রিল তার মৃত্যু হয়।

এর জেরে গত রোববার (২১ এপ্রিল) হোসেন ডাইং মহল্লার লোকজন আলীনগরের আব্দুল হালিমকে পিটিয়ে হত্যা করে।

এ দুই ঘটনায় দুপক্ষ সদর থানায় দুটি মামলা করেছে।