ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নারী পিকেটারদের
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের হরতালে গাড়ি ভাংচুর করায় কয়েকজন নারী পিকেটারসহ ১১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
হরতালের প্রথম দিন মঙ্গলবার খিলগাঁও, মোহাম্মদপুর ও তেজগাঁও থানা এলাকায় এই আদালত পরিচালনা করা হয়।
সকালে খিলগাঁওয়ে গ্রেপ্তার হন তিনজন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেয়া হয়।
এরা হলেন- মিলি জাকারিয়া, নিলুফার ইয়াসমিন নিলু ও সৈয়দ দিলারা ইসলাম পলি। মিলি ঢাকা মহানগর মহিলা দলের মহানগর সাংগঠনিক সম্পাদক, নিলু সহসাংগঠনিক সম্পাদক এবং পলি কার্যনির্বাহী কমিটির সদস্য।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খিলগাঁও থানা এলাকার ৫৪৪/সি বিক্রমপুর অ্যান্ড পোড়াবাড়ি সুইটসের পাশে সকাল সাড়ে ৭টার দিকে গাড়ি ভাংচুরের খবর পায় পুলিশ।
ঘটনাস্থল থেকেই পলি, নিলু ও মিলিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নির্বাহী হাকিম শামীম বানুর আদালতে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় বলে পুলিশ কর্মকর্তা মাসুদ জানান।
১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন রাজশাহীর হেতেমখাঁ সড়কে পিকেটারদের অবস্থান
হরতালের প্রথম দিন শেষে বিএনপির সংবাদ সম্মেলনে জানানো হয়, মহিলা দলের সহসভাপতি নুরজাহান মাহবুবকেও ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে।
হরতালে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার নিন্দা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
এদিকে হরতালে বিকাল সোয়া ৪টার দিকে ফকিরাপুলের বকশি হোটেলের কাছে হরতাল সমর্থকদের একটি মিছিল থেকে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটালে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মতিঝিল এলাকার পরিদর্শক (পেট্রোল) শেখ আবুল বাশার জানান, প্রায় একই সময়ে গুলিস্তানের ইমপেরিয়াল হোটেলের সামনে ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
