মুন্সীগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পলাতক রয়েছে তার স্বামী।
মঙ্গলবার সকালে আধারা ইউনিয়নের বকচর থেকে আঁখি আক্তারের (১৪) লাশ উদ্ধার করা হয়।
আঁখি গ্রামের আকমান ব্যাপারীর মেয়ে। এক বছর আগে চাচাত ভাই মনছুর বেপারীর (১৭) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ হচ্ছিল।
সদর থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আঁখির শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আঁখির গলায় কোনো চিহ্ন দেখেনি পুলিশ।
“ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা।”
ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, “এ ঘটনায় এখনও কেউ থানায় হত্যার অভিযোগ করেনি।”
