হরতালে চট্টগ্রামে ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন সকালে চট্টগ্রামে বিক্ষিপ্ত ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
কোতোয়ালী থানার এসআই সঞ্জয় কুমার সিনহা জানান, ভাংচুরের সময় কাজীর দেউড়ি এলাকা থেকে এক পিকেটারকে আটক করা হয়েছে।
এছাড়া সকাল নয়টা ও সাড়ে ১০টার দিকে কাজীর দেউড়িতে দু'টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সকালে নগরীর স্টেশন রোড এলাকায় ঢিল ছুড়ে একটি ট্রাকের কাঁচ ভেঙ্গেছে হরতাল সমর্থকরা।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিক্ষিপ্ত কিছু ভাংচুর হলেও এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর আমরা পাইনি।”
সকালে বিএনপির নেতাকর্মীরা নগরীর নূর আহামদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। কার্যালয়ের চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও তারা সমাবেশে বাধা দেয়নি।
এছাড়া নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন স্থানে পথসভাও করেছে বিএনপি।
তবে জোটের শরীক অন্য দলগুলোর নেতাকর্মীদের সকালে রাজপথে দেখা যায়নি।
সকাল থেকে নগরীতে হালকা যান চলাচল করছে। দূরপাল্লার বাস না ছাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা আছে। তৈরি পোশাক কারখানাগুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/এসইউ
