২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেধা বিকাশেরও সুযোগ চাই’

সারা বিশ্বে বাংলাদেশের ছেলেমেয়েরাই ‘সবচেয়ে মেধাবী’ বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই মেধার সঠিক বিকাশের ওপরই জোর দিচ্ছেন তিনি। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 06:39 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

সারা দেশের লাখো শিক্ষার্থীর মধ্যে থেকে প্রতিযোগিতার মধ্যে দিয়ে উঠে আসা ১২ মেধাবীর হাতে মঙ্গলবার পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবীর মধ্যে আমাদের দেশের ছেলেমেয়েরাই সবচেয়ে মেধাবী। পৃথিবীর বহু দেশ ঘুরে আমি এটা দেখেছি। আমাদের মেধার সঙ্গে কারো তুলনা হয় না। সেই মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে।

“আমার বিশ্বাস, বহু মেধা এখনো লুকিয়ে আছে। তা জাগিয়ে তুলতে হবে। দেশের কাজে লাগাতে হবে।”

শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,“নিজের পায়ে দাঁড়াতে হবে। এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।”

দেশের সেরা শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে শেখ হাসিনা বলেন, “নিজের পরিবার ও দেশের মুখ উজ্জল করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা এমন এক সম্পদ- যা কেউ ‘হাইজ্যাক’ করতে পারে না।

তৃণমূলের মেধা অন্বেষণে এই প্রতিযোগিতার উদ্যোগ নেয়ায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে দেশসেরা ১২ শিক্ষার্থীর হাতে এক লাখ টাকার চেক ও সনদ তুলে দেন তিনি।

তিনি বলেন, মেধাবীদের পুরস্কৃত করা মানে সকলকে উৎসাহিত করা।

“সৃজনশীল মেধার বিকাশ ও চর্চা যাতে হয় সেজন্য যা যা করা দরকার আমরা করব”, আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এ প্রতিযোগিতা ‘মেধাবী বাংলাদেশ’ গড়তে ভূমিকা রাখবে বলেই তার বিশ্বাস।

প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সময়ে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় সরকারিকরণ, এক লাখ চার হাজার শিক্ষককে সরকারি চাকরির আওতায় নেয়া, বিনামূল্যের বই বিতরণ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি প্রদানসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্কুল প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরেন।

শিক্ষাক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনতে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, “আগে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান হলে সেখানে ছাত্রাবাস বেশি থাকত। আমি নির্দেশ দিয়ে দিয়েছি, এখন থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে সমান সমান ছাত্রাবাস ও ছাত্রীনিবাস করতে হবে।”

ষষ্ঠ-অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপ ভাগ করে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান-গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে গত ১৩ মার্চ থেকে সারা দেশে এই প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে নির্বাচিত  ৯৬ জন শিক্ষার্থীকে নিয়ে গত ১৩ এপ্রিল ঢাকায় শুরু হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকেই চার বিভাগে তিন গ্রুপে বিজয়ী ১২ জনকে দেয়া হলো সেরা মেধাবীর পুরস্কার।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকতারা জানান, এক লাখের মত শিক্ষার্থী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে সাত হাজার সেরা মেধাবীকে সনদ ও পুরস্কার দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন বক্তব্য দেন।