সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৩ ‘বনদস্যু’ নিহত
সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ‘বনদস্যু’ নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খালে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব বলছে, নিহতরা সবাই সুন্দরবনের ‘মোর্তুজা বাহিনী’ নামে পরিচিত বনদস্যু দলের সদস্য।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম সেলিম (৩৭), বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে।
ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় মোর্তুজা বাহিনীর সদস্যদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে র্যাবের দুটি দল সেখানে অভিযান চালায়।
“সকাল ৭টার দিকে তারা মৃগমারী খালের তিন কিলোমিটার ভেতরে বনের মধ্যে দস্যুদের একটি আস্তানা ঘিরে ফেললে বনদস্যুরা র্যাবের ওপর গুলি শুরু করে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।”
এক পর্যায়ে ‘দস্যুরা’ পিছু হটে বনের ভেতরে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন জনের লাশ ও অস্ত্র উদ্ধার করে বলে ফরিদুল আলম জানান।
তিনি বলেন, স্থানীয় জেলেরাই নিহতদের লাশ দেখে সেলিমকে সনাক্ত করে।
বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, উপ-পরিদর্শক মঞ্জুর ই এলাহীর নেতৃত্বে মংলা থানা পুলিশের একটি দল সুন্দরবনের জয়মনি এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সেখানে পুলিশের কাছে নিহতদের লাশ ও আগ্নেয়াস্ত্র হস্তান্তর করার কথা রয়েছে র্যাবের।
