বিদেশ গমনেচ্ছু ৩৯,২৭৪ নারীর নাম নিবন্ধন
চাহিদার তুলনায় অনেক কম সংখ্যক নারী বিদেশে চাকরি নিয়ে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন।
সোমবার ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হলো।
দেশের সাতটি বিভাগ থেকে মোট ৩৯ হাজার ২৭৪ জন নারী নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেন বলে জানান জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক নুরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিভাগে ১১,৫৮৯ জন, বরিশাল বিভাগে ৩,১৯৩, রাজশাহী বিভাগে ৪,৫৯২ জন, রংপুর বিভাগে ৫,৯২০ ও সিলেট বিভাগে ৪,৪৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ২,৫৭৯ জন ও খুলনা বিভাগে ৬৩২৯ জন নারী নাম নিবন্ধন করেছেন।
তবে সার্ভার সোমবার রাত ১২ টা পর্যন্ত খোলা থাকায় আরো কিছু নারী নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন বলে তিনি জানান।
গত ৭ থেকে ১১ এপ্রিল রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে, ১২ থেকে ১৬ এপ্রিল চট্টগ্রাম ও খুলনা বিভাগে এবং ১৭ থেকে ২২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে বিদেশ গমনে ইচ্ছুক নারী শ্রমিকদের এ নিবন্ধন কার্যক্রম চলে।
বিদেশ গমনেচ্ছু পুরুষ শ্রমিকরা নিবন্ধনে ব্যাপক সাড়া দিলেও নারীদের ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ এতো কম কেন- এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, “আমাদের নারীদের মধ্যে বিদেশে কাজ করার আগ্রহ তুলনামূলকভাবে কম থাকায় নিবন্ধনও আশানুরুপ হয়নি।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, চাহিদার তুলনায় নিবন্ধন কম হওয়ায় আবারো ধাপে ধাপে নিবন্ধন চলবে।
রিফিউজিস মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)এর প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান প্রফেসর তাসনিম সিদ্দিকী বলেন, নিবন্ধন প্রক্রিয়ায় আশানুরূপ সাড়া না পাওয়ার অন্যতম কারণ হলো- সরকারের এই প্রক্রিয়া প্রন্তিক পর্যায়ের নারী শ্রমিকদের কাছে পৌঁছেনি। এজন্য সরকার যথেষ্ট প্রচারণা চালায়নি বলে তিনি মনে করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক আরো বলেন, নিবন্ধনের জন্য যে যোগ্যতার নির্দেশনার কথা বলা হয়েছে তা বিরুপ প্রভাব ফেলেছে। এদশে এখনো এসএসসি পাশ কোন নারীর গৃহকর্মী হিসেবে কাজ করার মানসিকতা তৈরি হয়েছে বলে মনে হয়না।
যেসব সংগঠন গ্রামের নারীদের নিয়ে কাজ করে থাকে তাদেরকে দিয়ে সরকার প্রচারণা চালালে নারীদের মধ্যে বিদেশে কাজ করতে যাওয়ার ব্যাপারে সচেতনতা বাড়বে বলে মনে করেন তাসনিম সিদ্দিকী।
হংকং, সিঙ্গাপুর, জর্ডান ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এক লাখ গৃহকর্মী, পোশাককর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নার্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কর্মী, কারখানা কর্মী, রিসেপশনিস্ট, ফল আহরণকারী, বিক্রয়কর্মী ও কৃষিকর্মীর চাহিদা রয়েছে।
সরকারিভাবে পর্যায়ক্রমে এসব দেশে নারীকর্মীদের পাঠানোর জন্য একটি আলাদা ড্যাটাবেস তৈরি করছে সরকার।
