১০ ট্রাক অস্ত্র: এএসপি মনিরুজ্জামানের সাক্ষ্যগ্রহণ চলছে
১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে মামলার অধিকতর তদন্ত কর্মকর্তা সিআইডি’র তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরীর।
সোমবার দুপুরে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে তিনি সাক্ষ্য দেয়া শুরু করেন।
বিকাল সাড়ে চারটা পর্যন্ত সাক্ষী হিসেবে জবানবন্দি দেয়ার পর বিচারক মঙ্গলবার সকাল পর্যন্ত আদালতের কার্যক্রম মূলতবি ঘোষণা করেন।
ওইদিন মামলার এই তদন্ত কর্মকর্তার অসমাপ্ত সাক্ষ্যগ্রহণ হবে।
এএসপি মনিরুজ্জামান ছিলেন এ মামলার পঞ্চম তদন্ত কর্মকর্তা, যিনি বর্তমানে চট্টগ্রাম সিআইডি’র অতিরিক্ত বিশেষ সুপার হিসেবে কর্মরত আছেন।
সাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে তিনি জানান, ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে অস্ত্র ও গোলাবারুদ আটকের পর কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা দায়ের করেন। তিনি নিজেই মামলা দুটির তদন্তভার গ্রহণ করেন।
মামলার তদন্ত চলাকালে একই বছরের ২৪ এপ্রিল পর্যন্ত তদন্ত করার পর তা সিআইডি’র কাছে হস্তান্তর এবং সিআইডি’র এএসপি একেএম কবির উদ্দিনকে দায়িত্বভার দেয়া হয় বলেও আদালতকে জানান তিনি।
এএসপি মনিরুজ্জামান বলেন, “এসময় এএসপি কবির কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করেন এবং বেশ কয়েকজন সাক্ষীর ১৬১ ধারায় জবানবন্দি নেন।”
তিনি আরও জানান, অস্ত্র মামলায় এএসপি কবির ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়ে তিনজনকে মামলা থেকে অব্যহতি দিতে আবেদন জানালে আদালত তাতে দ্বিমত পোষণ করে।
পরে এএসপি কবিরের বদলি ও আদালতের নির্দেশে অধিকতর তদন্তের নির্দেশ দিলে তার দায়িত্ব পান এএসপি নওশের আলী।
ওই সময় এএসপি নওশের সালেহ জহুর নামে আরও একজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র এবং ২০০৪ সালের ৯ নভেম্বর চোরাচালান মামলায় ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
একই সাথে দুইজনকে মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য আবেদন জানালে আদালত তাতে দ্বিমত পোষণ করে এবং আদালতে তা গ্রহণ করে বিচার কাজ শুরু করে।
বিচার চলাকালে ২০০৭ সালের ২০ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরের বছরের ১৪ ফেব্রুয়ারি আদালত আট সাক্ষীর দেয়া সাক্ষ্যের আটটি পয়েন্ট উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।
জবানবন্দিতে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সিআইডি থেকে ঢাকা জেলার এএসপি মো. ইসমাইল হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়ার পর তিনি নতুন করে তদন্তকাজ শুরু করেন এবং ২০০৪ সালে তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্টও সাথে সংযুক্ত করেন।
তিনি আরো বলেন, ‘তদন্ত চলাকালে অস্ত্রগুলো কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল সে ব্যাপারে এএসপি ইসমাইল ‘বঙ্গ বোরাক’ নামে একটি জাহাজকে সন্দেহের তালিকায় রেখেছিল এবং এ বিষয়ে তদন্তও শুরু করেছিলেন। এসময় রাষ্ট্রপক্ষ পুনরায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করলে আদালতের নির্দেশে সিআইডির পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে।’
