শেরপুরে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি
শেরপুর সদরে রোববার ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েকহাজার একর জমির বোরো ধান ঝরে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হল গাজীরখামার, বাজিতখিলা, চরশেরপুর, চরমোচারিয়া ও পৌরসভার একাংশ।
সরেজমিন গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, শিলাবৃষ্টিতে বেশিরভাগ ক্ষেতেরই পাকা ধান ঝরে গেছে।
কোনো কোনো ক্ষেত্রে ধানগাছ নুইয়ে পড়ে পানির সঙ্গে মিশে গেছে। কৃষকরা সে ধান তুলে নেয়ার চেষ্টা করছিলেন।
গাজীরখামারের কুমরী গ্রামের কৃষক রজব আলী বলেন, “ধার-দেনা করে নিজের হাতের সবকিছু শেষ করে দেড় একর জমিতে ধান করেছিলাম। এখন ঝরে পড়া ধান ক্ষেত থেকে তুলে নিয়ে দেখি ছেলেমেয়েদের মুখে কয়েকদিন ভাত দিতে পারি কিনা।”
একই গ্রামের আরেক কৃষক সিরাজুল ইসলাম বলেন, “পাঁচ একর জমির ধান একেবারেই নষ্ট করেছে শিলাবৃষ্টি। এখন কি খাবো ভেবে পাচ্ছি না।”
গাজীর খামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম হেলাল বলেন, ইউনিয়নের সাতটি গ্রামের ৫০০ একর জমির ধান শিলা বৃষ্টিতে নষ্ট হয়েছে। তার নিজেরও দশ একর জমির ধান ঝরে গেছে।
শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিলাবৃষ্টিতে সদর উপজেলার তিন হাজার একর জমির পাকা বোরো ধান নষ্ট হয়ে গেছে।
এ ক্ষতি পুষিয়ে নেয়ার মতো ক্ষমতা কৃষকদের নেই, বলেন তিনি।
তিনি সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আহ্বান জানান।
