ব্লগারদের মুক্তি দাবিতে কারাগারের সামনে মানববন্ধন
কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ গ্রেপ্তার চার ব্লগারের মুক্তি দাবিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন হয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্লগার ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোমবার বিকাল ৩টায় ব্লগারদের মুক্তি দাবিতে কারাগারের সামনে মানবপ্রাচীর গড়ে তোলেন।
‘ব্লগারদের মুক্তি দাও নইলে মোদের জেলে নাও’ লেখা ব্যানার নিয়ে চোখ ও মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় কারাগারের মুল ফটকের সামনে অবস্থান নেন তারা।
প্রায় ২০ মিনিট সেখানে অবস্থানের পর মৌন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে যান তারা।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকের একটি ইভেন্ট দেখে এই মানববন্ধনে অংশ নিয়েছেন বলে আন্দোলনকারীদের অনেকে জানান।
ইন্টারনেটে লেখালেখিতে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত হানার অভিযোগে চলতি মাসের শুরুর দিকে ব্লগার আসিফ মহীউদ্দিন, সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়েছে পুলিশ।
