২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ভাই পলাতক

পুকুর নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে  অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 08:06 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের মধ্য অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের ছোট ভাই তার পরিবার নিয়ে পালিয়ে গেছে।

নিহত অজিউল্লা (৬৫) ওই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

হামলায় গুরুতর আহত অজিউল্লার ছেলে মোস্তফাকে (৩০) নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বাড়ির পুকুরের মালিকানা নিয়ে অলিউল্লার সঙ্গে তার ছোট ভাই আহম্মদ উল্লার বিরোধ চলে আসছিল।

সকাল ৯টার দিকে আহম্মদ উল্লা পুকুর থেকে মাটি কাটার সময় দুই ভায়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে আহম্মদ উল্লা তার ছেলে-মেয়েসহ ৬-৭ জন মিলে অজিউল্লা ও তার ছেলে মোস্তাফাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় অজিউল্লাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোস্তফাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ঘরে তালা দিয়ে ভাই পরিবার নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।