ত্বকী হত্যায় একজন হেফাজতে
নারায়ণগঞ্জে ত্বকী হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার একজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
রোববার সালেহ রহমান সীমান্তকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন করলে আদালত পাঁচদিন মঞ্জুর করে।
ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি তার ছেলে খুনের ঘটনায় পুলিশকে দেয়া অবগতি পত্রে যে সাত জনের নাম দিয়েছিলেন সেখানে সীমান্তের নাম রয়েছে।
গত ৬ মার্চ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মেধাবী ছাত্র ত্বকী। ৮ মার্চ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদীর একটি খাল থেকে ত্বকীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গত ১৮ মার্চ রফিউর রাব্বি ছেলে হত্যায় জড়িত সন্দেহে সাত জনের নাম সুনির্দিষ্ট করে জেলা পুলিশ সুপারকে একটি অবহতিপত্র দেন।
এদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, অয়নের বন্ধু রিফাত ওসমান, জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হাজী রিপনের ছেলে সালেহ রহমান সীমান্ত, যুবলীগ নেতা জহিরুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব দাশ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন।
