‘ওর মুখে বাবা ডাক কবে শুনবো’
এগার দিন হয়ে গেল শিশুটির মুখে কথা নেই। ‘বাবা’ ডাক শোনার অধীর অপেক্ষায় রাতদিন পাশে বসে আছেন বাবা। নাওয়া-খাওয়া ভুলে মুখের দিকে চেয়ে থাকেন মা, কখন জাগবে ‘বুকের মানিক’।
গত ১১ এপ্রিল জামায়াতে ইসলামীর হরতালে নাশকতার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু মো. সোহান (৬)।
কথা ছিল নানা বাড়ি যাবে। সেই আনন্দে কয়েকদিন আগে থেকেই বাবার কাছে নানা বায়না তার। নতুন জামা দিতে হবে। নতুন জুতো। একটা লাল বল, ছোট্ট ক্রিকেট ব্যাট।
ফরিদপুরের বোয়ালমারীর চতুইল ইউনিয়নের রাজাপুর গ্রামে তার নানা বাড়ি। ওইদিন সকালে আলফাডাঙ্গা থেকে বাসে চড়ে বসেন মা ও ছেলে। রামচন্দ্রপুর এলাকায় পৌঁছালে বাসটি পিকেটারদের কবলে পড়ে।
মা শাহনাজ বেগম রোবাবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ড্রাইভারের বামপাশে বসেছিলাম। পাশে আরো কয়েজন মহিলা ও তাদের বাচ্চা-কাচ্চা ছিল। হঠাৎ টিল ছুড়তে শুরু করলো হরতাল সমর্থনকারীরা। এ সময় একটি ইট এসে আঘাত করে বাসের গ্লাসে, আর গ্লাস ভেঙ্গে সোহানের মাথার বাম পাশে লাগে।
“বাসটি কিছুদূর গিয়ে থামলে আমি পাশের বাড়িতে নিয়ে সোহানের মাথায় পানি দিই। এরপর প্রথমে বোয়ালমারি স্বাস্থ্য কমপ্রেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর হাসপাতালে এবং ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চেতনাহীন সোহানকে দেখে সবাই বলছিল ও নাকি মরে গেছে।”
সেই থেকে সোহান আর কথা বলে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২০৪ নম্বর ওয়ার্ডের বারান্দার একটি অতিরিক্ত শয্যায় জায়গা হয়েছে তার।
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দড়িসহস্রাইল গ্রামের ফল ব্যবসায়ী সেলিম শেখের একমাত্র ছেলে সোহান। সন্তানের এই পরিণতিতে সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি। ব্যবসাপাতির কথা ভুলে ঢাকাতেই পড়ে আছেন এই কয়টা দিন।
ছেলের অবস্থা সম্পর্কে জানতে চাইলে বললেন, “নানা বাড়ি যাওয়ার জন্য সেদিন সোহানই আমাকে ঘুম থেকে জাগায়। ব্যবসার কারণে সঙ্গে যেতে পারিনি। তবে বাসে তুলে দিয়েছিলাম। কে জানতো…।”
কথা বলতে বলতে থেমে যান সেলিম শেখ। সজল চোখে ছেলে মুখের দিকে তাকিয়ে থেকে কী যেন আওড়াতে থাকেন।
আবার বলতে শুরু করেন বাবা সেলিম শেখ, “ওর মুখে বাবা ডাকটা কতদিন হলো শুনি না। কবে শুনবো কে জানে! আমি তো কারো ক্ষতি করিনি। ছোটখাট ব্যবসা করে খাই।”
হরতালের মধ্যে কেন রওয়ানা দিলেন জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। “অনেক হরতাল দেখেছি, কিন্তু এমন মানুষ এমন পাষাণ হতে পারে তা জানা ছিল না।”
গতকাল থেকে সোহান মিটমিট করে হাসে। তবে এখনো কথা বলতে পারে না। সেই হাসিতেই নানা অর্থ খুঁজে ফেরেন মা-বাবা।
সোহানের অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিশুটির অবস্থা দিন দিন ভালো হচ্ছে। আশা করছি ও সুস্থ হয়ে উঠবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরে আসার সময় সেলিম শেখ এই প্রতিবেদককে জড়িয়ে ধরে বলেন, “আমার ছেলেটাকে একটু সুস্থ্ করার ব্যবস্থা করতে বলেন। ওকে ছাড়া আমি যে আর থাকতে পারছি না। আরেকটু ভালো চিকিৎসা পেলে শিগগির বাপধন আমার কথা বলবে।”
তখনো মিটমিট করে যেন ‘হাসছিল’ শিশু সোহান। বাম চোখের চারপাশে আঘাতের ক্ষত।
