২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পাঁচ সাংবাদিকের উপর হামলা

মানিকগঞ্জ শহরে রোববার দুর্বৃত্তের হামলায় পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ হামলায় দৈনিক সমকালের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীর ডান হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

আহত অন্য জেলা প্রতিনিধিরা হলেন চ্যানেল আইয়ের গোলাম ছারোয়ার ছানু, কালেরকণ্ঠর সাব্বিরুল ইসলাম সাবু, প্রথম আলোর আবদুল মোমিন ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের আর এস মঞ্জুর রহমান।

বিপ্লবসহ আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি নুরতাজ আলম বাহার বলেন, দৈনিক সরেজমিন বার্তার মানিকগঞ্জ ব্যুরো প্রধান আনিছুর রহমান সাব্বির ১৪ এপ্রিল বিনা অনুমতিতে আওয়ামী লীগের জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ সরকারের একটি বিজ্ঞাপন ছাপিয়ে তার বিলের জন্য বারবার তাগাদা ও চাপ দিচ্ছিলেন।

বিষয়টি সুভাষ সরকার মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে জানান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ব্যাপারে কথা বলার সময় দৈনিক সরেজমিন বার্তার আনিসুর রহমান সাংবাদিক বিপ্লব চক্রবর্তী ও সাব্বিরুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং যাওয়ার সময় মারধর করার হুমকি দিয়ে যান।

নূরতাজ আলম আরো বলেন, আনিসুর রহমানের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী প্রেসক্লাবের নিচে দাঁড়িয়ে থাকা বিপ্লব চক্রবর্তীর ওপর আতর্কিত হামলা চালায়।

এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য সাংবাদিকরা বাঁচাতে গেলে তারাও হামলার শিকার হন।

মানিকগঞ্জ সদর থানার ওসি সফিকুল ইসলাম বলেছেন, এ ব্যাপারে বিপ্লব চক্রবর্তী এবং প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় দু’টি মামলা করা হয়েছে।

এ ব্যাপারে আনিছুর রহমান সাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।