২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসিতে নগর স্বাস্থ্যকেন্দ্র অন্তর্ভুক্তিতে কর্মসূচি

নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এর কর্মকর্তা-কর্মচারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 10:04 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সিসিসি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি নাজিম উদ্দিন আহমেদ বলেন, "মেয়রে আশ্বাসের চার মাস পরও ৩৬ টি নগর স্বাস্থ্যকেন্দ্র ও দুইটি মাতৃসদন কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়নি। এ জন্য আমাদের দাবি পূরণে ২৪ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ২৮ এপ্রিল নগর ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।"

তিনি জানান, গত ২৪ ডিসেম্বর ওই দাবি পূরণে মেয়রের কাছে স্মারকলিপি দিলে তিনি কর্পোরেশনের অন্তর্ভূক্তি করবেন বলে আশ্বস্ত করেন।

তিনি অভিযোগ করেন, "নগর স্বাস্থ্যকেন্দ্রের ভবনগুলোকে এনজিওতে (বেসরকারি) হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তা করা হলে নগর স্বাস্থ্য সেবা ধ্বংসের দিকে চলে যাবে।"

এর আগে একই দাবিতে গত ২৪ ডিসেম্বর সিসিসি পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবন ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

২০০১ সাল থেকে এডিবির প্রকল্পভুক্ত চালু থাকা ৩৬টি নগর (আরবান) স্বাস্থ্যকেন্দ্র ও দুটি মাতৃসদন প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়।

স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা জানান, এডিবির অর্থায়নে নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনগুলো পশ্চাৎপদ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় ৫৯০ জন কর্মকর্তা- কর্মচারী কাজ করে। এ প্রকল্পকে সিসিসির অন্তর্ভূক্তি করা না হলে তাদের বেকার হতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নগর স্বাস্থ্যকেন্দ্রের সেবাদানকারী তৌহিদুল আলম খান, আবুল কালাম, ওম্মে কুলসুম সুমী, এনামূল হক, দেবাশীষ চক্রবর্তী, জসিম উদ্দিন, দিলরুবা পারভীন প্রমুখ।