২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা

কক্সবাজারে ব্যবসায়ী আকতার কামাল হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মোনাফকে প্রধান আসামি করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

নিহতের মা বেগম বাহার বাদী হয়ে রোববার সকালে কক্সবাজার থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন ওসি জসীম উদ্দিন। 

মামলায় মোনাফ ছাড়া আরো ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত শুক্রবার রাত ১টার দিকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী আকতার কামাল (৩৪)। তিনি শহরের ফুলবাগ সড়কে টেকপাড়া এলাকার প্রয়াত আবদুল জব্বারের ছেলে।

কক্সবাজার থানার ওসি জসীম উদ্দিন বলেন, শনিবার সকালে আকতারের লাশ দেখতে অন্যদের মতো মোনাফও হাসপাতালে যান নিজের মোটটরসাইকেল নিয়ে।  

এ সময় কামালের স্বজনরা পুলিশকে জানান, মোনাফই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এর পরপরই মোটরসাইকেল ফেলে সেখান থেকে পালিয়ে যান মোনাফ। পুলিশ তার মোটরসাইকেলের ভেতর থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার করেছে।