২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উস্কানি নয়, দোষীদের ধরতে সহযোগিতা দিন’

ফটিকছড়ির মতো ঘটনা ঘটাতে ‘উস্কানি’ না দিয়ে দোষীদের ধরতে সহযোগিতা করার জন্য বিএনপি চেয়ারপার্সনের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 09:51 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফটিকছড়ি নিয়ে আমি উদ্বিগ্ন। বিএনপি নেতারা এই পৈশাচিক ঘটনাকে সমর্থন করেছেন। বিএনপির অধিকাংশ নেতা এই ঘটনা নিয়ে উল্টো কথা বলছেন।”

ফটিকছড়ির তাণ্ডব নিয়ে ‘মিথ্যাচারকারী’ দলীয় নেতাদের ‘মুখ বন্ধ করতে’ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

গত ১০ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামী কর্মীদের হামলায় তিনজন নিহত হন।

ভুজপুর থানার কাজীর হাটে ওই ঘটনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মিছিলে হামলা চালানো হয়। হামলাকারীরা ১৫টি মোটর সাইকেল ও দুটি গাড়ি পুড়িয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার ব্রিগেডের একটি গাড়িও আক্রান্ত হয়।

তথ্যমন্ত্রী বলেন, “ফটিকছড়ির ঘটনা নিয়ে দেশের মানুষ হতবাক। আন্তর্জাতিক মহলকেও এ ঘটনা বিস্মিত করেছে।”

ইনু অভিযোগ করেন, বিএনপির শীর্ষ নেতারা ওই ঘটনাকে সমর্থন করছেন।

“আরো হত্যাকাণ্ড ঘটাতে তারা উস্কানি দিচ্ছেন। এটা গণতান্ত্রিক রাজনীতিতে নজিরবিহীন।”

গত আঠারো এপ্রিল বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, বিরোধী দলের দাবি না মানা হলে সাড়া বাংলাদেশে ফটিকছড়ির মত ঘটনা ঘটিয়ে এই সরকারের পতন করা হবে।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও হান্নান শাহও একই ধরনের বক্তব্য দিয়েছেন।

ফটিকছড়ির ঘটনা ‘পরিকল্পিত’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “ওই ঘটনার পক্ষে ওকালতি সভ্য গণতান্ত্রিক সমাজ সহ্য করতে পারে না।”

এই ঘটনা নিয়ে খালেদা জিয়া নিরব থেকে ‘মৌন সমর্থন’ দিচ্ছেন বলেও অভিযোগ করেন জাসদ সভাপতি ইনু। এর বদলে দোষীদের ধরতে ‘সহযোগিতা করতে’ বিএনপি চেয়ারপার্সনের প্রতি আহ্বান জানান তিনি।

উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “হত্যার জন্য যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া হয় তখন তারা বলেন- গণতন্ত্র গেল।”

তারপরও উস্কানিদাতাদের বিরুদ্ধে ‘পদক্ষেপ নিতেই হবে’ বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী জানান, ফটিকছড়িতে কয়েকজন এখনো নিখোঁজ। প্রশাসন তাদের ‘অবস্থান’ জানার চেষ্টা করছে।