রোকেয়া বন্ধ, ৬ সহকারী প্রক্টরের পদত্যাগ
উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের লাঠিপেটার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয় সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
শনিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
এই ছয় সহকারী প্রক্টর হলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিক আশরাফ, রিষিণ পরিমল, ব্যবস্থাপনার বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আসিফ আল মতিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র রায় এবং রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম।
আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের বেধড়ক লাঠিপেটা আর রাবার বুলেটে ৫ শিক্ষক-কর্মকর্তা এবং ৬৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই জঘন্য বর্বরতার প্রতিবাদে আমরা পদত্যাগ করেছি।”
এর আগে শনিবার দুপুরে সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বৈঠকে ছয় শিক্ষক-কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করা হয়।
এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এরপর তারা লাঠিপেটা শুরু করে।
এর প্রতিবাদে ৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী প্রক্টরদের পদত্যাগপত্র পাওয়ার পর তা উপাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি।
তবে এ বিষয় কোনো মন্তব্য করতে রাজি হননি উপাচার্য আব্দুল জলিল মিয়া।
পাঁচ শিক্ষক-কর্মকর্তাসহ আহত ৩০ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
