২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ৩৭ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার সিন্ডিকেটের সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

তিনি সাংবাদিকদের বলেন, গত ১৭ মার্চ মওলানা ভাসানী ও শহীদ রফিক-জব্বার হলের মধ্যে সংঘর্ষের পর পুলিশ তিন ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করে।

এ ঘটনায় বোরহান উদ্দীন সুলতান (ভূগোল ও পরিবেশ), মোর্শেদুর রহমান আকন্দ (ইংরেজি) ও আব্দুল মাজেদ সীমান্তকে (হিসাব বিজ্ঞান) সাময়িক বহিষ্কার করা হয়।

তিনি আরো জানান, গত বছরের ১৩ অক্টোবর ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে শহীদ রফিক-জব্বার ও মওলানা ভাসানী হলের মধ্যে  সংঘর্ষের ঘটনায় চার জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে সরকার ও রাজনীতি বিভাগের এম জাকারিয়াকে এক বছরের জন্য, হিসাব বিজ্ঞান বিভাগের আব্দুল মাজেদ সীমান্ত, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মহিউদ্দিন খান ও এম নুরুন্নবিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি ইতিহাস সংসদের নির্বাচনের সময় নিরাপত্তায় নিয়োজিত বিএনসিসি সদস্যদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে ইতিহাস বিভাগের মাহিতোষ রায়কে এক বছরের জন্য,  আশফিকুর রেজা, মো. সালাউদ্দিন ও তাইমুর রহমান রাসেলকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

এছাড়াও গত ১৫ জানুয়ারি এক কলেজ শিক্ষককে আটক করে চাঁদাবাজির অভিযোগে চার জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন শাহেদ শাহ (দর্শন), জাবির হোসাইন (নৃবিজ্ঞান), আনিসুজ্জামান সিদ্দিকী, শফিক আলম (ইতিহাস)।

সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি প্রীতিলতা হলের সামনে ইভটিজিংয়ের দায়ে ২২ শিক্ষার্থীকে স্থগিত বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষার্থীরা পরবর্তীতে এ ধরনের অনৈতিক কর্মকান্ডে জড়িত হলে তখন থেকে এ আদেশ কার্যকর হবে।