২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেফাজতে ইসলাম নয়, হেফাজতে ইনসান চাই’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ইনসান রক্ষা পেলে সব ধর্মই রক্ষা পাবে। আদালাভাবে ধর্ম রক্ষার কোনো প্রয়োজন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, “হেফাজতে ইসলাম নয়, হেফাজতে ইনসান [মানুষ] চাই আমরা। ধর্ম নিয়ে রাজনীতি-ব্যবসা করতে দিতে পারি না।”

মানুষের কল্যাণে রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বানও জানান অধ্যাপক মিজানুর।

এ প্রসঙ্গে তিনি বলেন, “যে রাজনীতি ফটিকছড়ির নৈরাজ্যের কথা বলে, যে রাজনীতি বলে রেলের ইঞ্জিনে আগুন দিতে, যে রাজনীতি দেশ অচল করার কথা বলে সে রাজনীতি তো আমরা চাই না।”

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দারিদ্র্য দূরীকরণে দেশের রাজনীতিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন।

‘খাদ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা ও বিভিন্ন দিক’ শীর্ষক এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী বক্তব্য দেন।