নেত্রকোনায় ১৩ দফার বিরুদ্ধে সমাবেশ
হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে নেত্রকোনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ‘স্বাধীনতার চেতনায় জাগ্রত নারী সমাজ’।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশের শুরু হয়।
এরপর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
স্বাধীনতার চেতনায় জাগ্রত নারী সমাজের আহবায়ক জুবেদা আক্তার খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক যতীন সরকার, বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা বিশ্বাস, জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেহানা সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, নারী সমাজের যুগ্ম আহবায়ক হাবীবা রহমান শেফালী প্রমুখ।
সমাবেশে যতীন সরকার বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে নারীদের অস্তিত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যেতে হবে।
হেফাজতকারীরা নারীদের মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়। এ রকম দাবি বাংলার নারী সমাজ মেনে নেবে না।
সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
