২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা আমীন আহম্মদ চৌধুরী আর নেই

মুক্তিযোদ্ধা ও সামরিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমীন আহম্মদ চৌধুরী আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 03:57 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথ্যা অনুভব করলে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বীর বিক্রম খেতাবধারী এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৬৮ বছর।

আমীন আহম্মদ চৌধুরীর বড় ছেলে লুৎফুল আমীন জোনাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বাবা রাতে নিজের ঘরে বসে লেখালেখির কাজ করছিলেন। হঠাৎ তার বুকে ব্যথা হয় আর তিনি সংজ্ঞা হারান।  সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়েও লাভ হয়নি। ”

রাতে আমীন আহম্মদের মরদেহ রাখা হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শনিবার বিকালে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমীন আহম্মদ চৌধুরীর জন্ম ১৯৪৬ সালে, ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। সেনাবাহিনীতে তিনি কমিশন পান ১৯৬৬ সালের মে মাসে।

১৯৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, আমীন আহম্মদ তখন একজন তরুণ ক্যাপ্টেন। জেড ফোর্সের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।

সেনাবাহিনীতে থাকা অবস্থায় প্রেষণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশে প্রথম সাফ গেমস আয়োজনেও তার সম্পৃক্ততা ছিল।

বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সংবাদপত্রে নিয়মিত লিখতেন আমীন আহম্মেদ। তিনি দুই ছেলে রেখে গেছেন।

পুরনো খবর:

জাতি একজন দেশপ্রেমিককে হারালো: প্রধানমন্ত্রী