জাতি একজন দেশপ্রেমিককে হারালো: প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধা ও সামরিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমীন আহম্মদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি প্রয়াত এই সেনা কর্মকর্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম খেতাব পাওয়া আমীন আহম্মদ চৌধুরী শুক্রবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আমীন আহম্মদের জন্ম ১৯৪৬ সালে, ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। সেনাবাহিনীতে থাকা অবস্থায় প্রেষণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশে প্রথম সাফ গেমস আয়োজনেও তার সম্পৃক্ততা ছিল।
বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি সংবাদপত্রেও নিয়মিত লেখালেখি করতেন।
