চট্টগ্রামে ছাত্রদলের সংবর্ধনায় সংঘর্ষে আহত ২
ছাত্রদলের নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া চট্টগ্রামের নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে দুই কর্মী আহত হয়েছে।
কোতোয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে নগরীর নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ের সামনে সংবর্ধনা অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ছাত্রদলকর্মী মোহাম্মদ বাবু (২৫) ও মো. ইসমাইলকে (২৭) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে দায়িত্ব পাওয়া নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব পাওয়া মঞ্জুরুল আলম ও নগরীর খুলশী থানা ছাত্রদলের নেতা হেলাল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে দুই কর্মী জখম হয়।
