শেরপুরে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
শেরপুরের বাজিতখিলা ইসলামীয়া মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় পুলিশ সেখান থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন- খাইরুল ইসলাম, রেজাউল করিম, নূরুল ইসলাম, নুরুল আলম ও নূরুল আমিন।
পুলিশ জানায়, শেরপুরে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার সময় পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তবে বৈঠকে পুলিশ হানা দিয়েছে টের পেয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী বৈঠক থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, ওই গোপন বৈঠক করে শেরপুরে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করার অভিযোগ এনে শেরপুর গোয়েন্দা পুলিশের এসআই মিঠু মিয়া বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো অনেকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্যে ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়।
