শিক্ষিকাকে ‘ধর্ষণের চেষ্টা’, শিক্ষক কারাগারে
ফরিদপুরের সদরপুর উপজেলায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার এক সহকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের শোনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানকে (২৭) গ্রেপ্তার করা হয়।
শুক্রবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় রাতেই ওই শিক্ষিকা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, মোস্তাফিজুর রহমান তার সহকর্মী দুই সন্তানের জননীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ওই শিক্ষিকার গ্রামের বাড়ি গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মোস্তাফিজুর রহমান পালিয়ে যান, বলেন ওসি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এর আগে বিষয়টি জানিয়ে ওই শিক্ষিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিলে একটি বিভাগীয় মামলাও হয়।
