২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় স্বামী-স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

খুলনার ডুমুরিয়া উপজেলার শুক্রবার স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

দেড়ুলি গ্রামের একটি চিংড়ি ঘেরে সকালে কামরুল গাজী (৩৫) ও পিয়া বেগমের (২৭) লাশ পাওয়া যায়।

তাদের মুখে বিষের আলামত পাওয়া গেলেও স্বজনরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে। তবে, পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

এলাকাবাসীর বরাত দিয়ে ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বলেন, সকাল ৯টার দিকে বাড়ির কিছুটা দূরে একটি চিংড়ি ঘেরের বাঁধের ওপর কামরুলের এবং পাশে কলা বাগানে পিয়া বেগমের লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে তদন্তে ভিন্ন আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, বলেন ওসি।

পিয়া বেগমের চাচা নাসির খান বলেন, পিয়ার সঙ্গে প্রতিবেশী এক যুবকের সম্পর্ক ছিল। তার জের ধরে এদের দুইজনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তবে তাদের মুখে বিষ দিয়ে আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক আবদুল গফুর বলেন, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মান-অভিমান করে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

তবুও নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হামপাতালে পাঠানো হয়েছে, বলেন তিনি।