২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সমস্যার সমাধান বিজেপিও ‘চায়’

বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে এত দিনের বিরোধিতা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ভারতের প্রধান বিরোধী দল বিজেপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 08:01 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

একটি অনুষ্ঠানে দলটির সভাপতি রাজনাথ সিংয়ের দেয়া বক্তব্য উদ্ধৃত করে শুক্রবার ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ বলেছে, বাংলাদেশের সঙ্গে সমস্যার সমাধান তারাও চান।

“আমি চাই, ভারত সরকার চুক্তিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করুক। এ জন্য ক্ষতিপূরণের দিকটি বিবেচনায় নিয়েই সীমান্ত বিরোধের সমাধান করতে হবে। আমরাও দলীয় অবস্থানে থেকে যা সম্ভব তা করব। আমাদের দিক দিয়ে কোনো বিরোধিতা থাকবে না,” বলেছেন তিনি।

স্থল সীমান্ত নিয়ে বিরোধ অবসানে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি হলেও তা এখনো কার্যকর হয়নি। এজন্য ভারতের সংবিধান সংশোধন করতে হবে।

সংবিধান সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর তা ভারতের পার্লামেন্টে তোলার প্রস্তুতি চলছে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তা পাসের জন্য পার্লামেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই বিল পাসের ক্ষেত্রে বিজেপির বিরোধিতা আসবে বলে ধারণা করা হচ্ছিল। এর মধ্যেই রাজনাথ সিংয়ের এই বক্তব্য এল।  

এদিকে বিজেপির পার্লামেন্টারি দলের চেয়ারম্যান এল কে আদবানির বাড়িতে গত বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামের ভূমি হস্তান্তরের মতো এত স্পর্শকাতর বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করার ওপর বৈঠকে জোর দেয়া হয়।

রাজ্য দুটির বিজেটি নেতারা ওই বৈঠকে এই বিষয়ে খোলাখুলি আলোচনা করেন।

নাম প্রকাশ না করে বৈঠকে অংশ নেয়া একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, চুক্তি নিয়ে বিরোধিতা কেউ সরাসরি করেননি। কিন্তু ১৯৭৪ সালের চুক্তিটি অনেক পুরনো হয়ে যাওয়ায় তা যুগোপযোগী করার পক্ষে মত দেয়া হয়েছে। এনিয়ে বেশি তাড়াহুড়ার বিপক্ষেও মত এসেছে।

গত ২১ ফেব্রুয়ারি লোকসভা ও রাজ্যসভার সমন্বিত অধিবেশনে বক্তব্যে বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি ও এর প্রটোকল অনুসমর্থনের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব করেন প্রণব মুখোপাধ্যায়।

গত মাসে বাংলাদেশ সফরে এসেও তিনি বলেন, দু'দেশের ছিটমহল বিনিময় সংক্রান্ত সীমান্ত চুক্তি কার্যকরের জন্য অতিদ্রুত ভারতের পার্লামেন্টে বিল তোলা হবে।

বিজেপির নমনীয় মনোভাবে সীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে ভারতে বিরোধের অবসান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।  

প্রায় ৪০ বছর আগে হওয়া এ চুক্তিতে ভারতের ১১১ টি এবং বাংলাদেশের ৫১ টি ছিটমহল বিনিময়ের কথা বলা আছে। এগুলোর মধ্যে ভুমি হস্তান্তরের বিষয়ও উল্লেখ আছে।

পুরনো খবর:

স্থলসীমান্ত চুক্তি অনুমোদনে সমর্থন চান মনমোহন
স্থলসীমান্ত চুক্তি অনুমোদনে ভারতের পার্লামেন্টে প্রস্তাব
সীমান্ত চুক্তি কার্যকরে এগিয়েছে ভারত