২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলসীমান্ত চুক্তি অনুমোদনে ভারতের পার্লামেন্টে প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি ও এর প্রটোকল অনুসমর্থনের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভার সমন্বিত অধিবেশনে বক্তৃতায় তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি এবং ২০১১ সালে সই করা এর প্রটোকলের বিধানগুলো কার্যকর করতে আমার সরকার পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল উত্থাপন করছে।”

গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার পার্লামেন্টে উত্থাপনের জন্য প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিল অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা।

বাংলাদেশের সঙ্গে ১৯৭৪ সালে সাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি এবং ২০১১ সালের সেপ্টেম্বরে সই হওয়া এই সংক্রান্ত প্রটোকল ভারতের পার্লামেন্টে অনুমোদন না হওয়ায় তা এখনো কার্যকর হয়নি।

গত বছর সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় প্রতিবেশী দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটি রূপরেখা ছাড়াও স্থলসীমা নিয়ে একটি প্রটোকল এবং কয়েকটি সমঝোতা স্মারক সই হয়।

সংবিধান সংশোধনীর এই প্রস্তাব পাস করানোর জন্য ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার যদিও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের তা নেই।

এছাড়া প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) এই বিলের বিরোধিতা করবে বলে ধারণা করা হচ্ছে। ছিটমহল বিনিময়সহ গত বছর বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্বাক্ষরিত প্রটোকলের বিরোধিতাকারী আসামের আঞ্চলিক দল আসাম গণ পরিষদের সঙ্গে জোট বাধায় বিজেপির বিরোধিতার সম্ভাবনা আরো প্রবল হয়েছে।

গত বছর মনমোহন সিংয়ের ওই সফরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে শেষ মুহূর্তে তা বাতিল হয়।

তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন ইউপিএ জোট সরকারের শরিক থাকলেও পরবর্তীতে সরকার থেকে তারা সমর্থন প্রত্যাহার করে নেয়।

প্রণব মুখোপাধ্যায় তার বক্তব্যে আরো বলেন, সীমান্ত ব্যবস্থাপনাকে তার ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেয়।

তিনি বলেন, “বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমারের সঙ্গে সীমানাজুড়ে কাঁটাতারের বেড়া, সড়ক নির্মাণ ও ফ্লাডলাইট স্থাপন করা ছাড়াও সরকার ভারত-বাংলাদেশ এবং ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে অতিরিক্ত ৫০৯টি বর্ডার আউটপোস্ট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।”