২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগারদের নিয়ে মন্তব্য নেই ইউনূসের

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নেয়ার পর দেশে ব্লগার গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ড. মুহাম্মদ ইউনূস, যার মুখ থেকে শাহবাগ আন্দোলন নিয়ে কোনো কথাও শোনা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওয়াশিংটন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 05:39 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কংগ্রেসের উভয় কক্ষের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বুধবার ক্যাপিটল ভবনে নোবেলজয়ী ইউনূসের হাতে ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ তুলে দেয়া হয়।

ওই অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচারে গণজাগরণ আন্দোলন শুরুর পর হেফাজতে ইসলামীর দাবির মধ্যে কয়েকজন ব্লগারের গ্রেপ্তারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি কাছে।

“আমি এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না,” উত্তর আসে ড. ইউনূসের কাছ থেকে।

“আজ সব আলোচনাই আজকের অনুষ্ঠানের বিষয়েই সীমাবদ্ধ থাকা উচিত,” একথা বলেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

তবে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুর বাইরে গিয়ে সেখানে আনুষ্ঠানিক বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আনেন ইউনূস।

তিনি জানান, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে থাকা অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সিনেটরের সঙ্গে আলোচনা চালান তিনি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারি মাসে শুরু হয় শাহবাগ আন্দোলন। শাহবাগে কয়েকজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের প্রতিবাদী কর্মসূচি থেকে গণজাগরণের সূচনা ঘটে।

এরপর চট্টগ্রামভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম শাহবাগের আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে রাজপথে নামে।

তারা দাবির তোলার পর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে চারজন ব্লগারকে গ্রেপ্তার করে পুলিশ, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

ব্লগারদের গ্রেপ্তারের ঘটনাটিকে মৌলবাদীদের কাছে সরকারের ‘নতি স্বীকার’ অভিহিত করে এর প্রতিবাদ জানিয়ে আসছে গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

দেশে এই গণজাগরণ আন্দোলন নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি নোবেলজয়ী ইউনূসের কাছ থেকে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে যা নিয়ে অনেকে সমালোচনা করেছেন।

অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশের নারী উন্নয়নে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূস।

তিনি বলেন, বাংলাদেশের নারীদের পক্ষ থেকে এই সম্মাননা নিচ্ছেন তিনি।

Image
আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মঙ্গলবার শাহবাগ মোড়ে টানা অস্টম দিনের মতো বি¶োভ চলে।

আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মঙ্গলবার শাহবাগ মোড়ে টানা অস্টম দিনের মতো বি¶োভ চলে।

শাহবাগ আন্দোলনে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সেখানে নারী সমাবেশও হয়েছে।

অন্যদিকে হেফাজতে ইসলামী এই মাসের শুরুতে মতিঝিলে যে সমাবেশ করেছে, তাতে কোনো নারীর অংশগ্রহণ ছিল না; উপরন্তু নারী সাংবাদিকদের ওপর হামলা হয়েছে সেখানে।

নারী উন্নয়ন নীতিমালার বিরোধী হেফাজতে ইসলামী যে ১৩টি দাবি তুলেছে, তার চতুর্থটিতে ‘নারী-পুরুষ অবাধ বিচরণ’ বন্ধের কথা রয়েছে।

এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশের নারী সংগঠনগুলো। এর প্রতিবাদে ২৭ এপ্রিল ঢাকায় সমাবেশ ডেকেছে ৮০টি নারী সংগঠন।

নারীদের পক্ষে সম্মাননা নেয়ার কথা বললেও ‘নারীবিরোধী’ হেফাজতের তৎপরতার বিরুদ্ধে ড. ইউনূসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্বর্ণপদক নিলেন ইউনূস