২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল   

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে চলছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহা জানান, বুধবার রাত ২ টা ৭ মিনিট ২৬ সেকেন্ডে মহাষ্টমীর লগ্ন শুরুর পর থেকে স্নান শুরু হয়েছে। লগ্ন শেষ হবে বৃহস্পতিবার রাত ৩ টা ৪৭ মিনিট ২৭ সেকেন্ডে।

পুণ্যার্র্থীদের স্নানের জন্য ১৪টি ঘাটের ব্যবস্থা করা হয়েছে।

পুণ্য স্নানের জন্য ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্র্থীরা এসেছেন।

গত বছর ১৫ লাখের বেশি পুণ্যার্থী স্নানোৎসবে অংশ নিলেও এবার রাজনৈতিক অস্থিরতার কারণে পুণ্যার্থীদের আগমণ কিছু কম হতে পারে বলে পরিতোষ কান্তি জানান।

‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ কর’- এ মন্ত্র উচ্চারণ করে দূর্বা ঘাস, বেল পাতা,কলা, আম, ডাব ও ফুল দিয়ে পাপ মোচনের বাসনায় ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীরা বৃহ্মার কাছে কৃপা প্রার্থনা করে স্নান করছেন।

এ উৎসবকে কেন্দ্র করে লাঙ্গলবন্দে বসেছে দু’দিনের মেলা। মেলায় দোকানীরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।

এছাড়া নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাসহ বিপুল সংখ্যক র‌্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নিরাপত্তায় ১২০০ পুলিশ এবং  র‌্যাবের টহল রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে শতাধিক ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য এই প্রথম বারের মতো সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে এবং ছিনতাই ও চাঁদাবাজি রোধে সাদা পোশাকে আরো দেড় শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে বলে তিনি জানান।

স্নান করতে আসা চট্রগ্রামের আরতী দেবী ও নিমাই দাস জানান, প্রতি বছরের মতো এবারও তারা পরিবার-পরিজন নিয়ে স্নান করতে এসেছেন। এবার ব্রহ্মপুত্রে পানির অবস্থা ভাল এবং কচুরী পানা পরিস্কার করা হয়েছে। কিন্তু থাকার কোন ব্যবস্থা না থাকায় তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে।

‘পবিত্র’ স্নান সেরে নিজের ও দেশের মঙ্গলকামনায় প্রার্থনা করেছেন বলে জানান তারা।

কুমিল্লা থেকে আসা সাথী রাণী ও অর্পিতা সাহা জানান, নারীদের কাপড় বদলানোর জন্য ভালো কোন ব্যবস্থা নেই। যেটুকু ব্যবস্থা করা হয়েছে সেখানে প্রচণ্ড ভিড়।

এছাড়া ঘাটে স্নানের জন্য নারী-পুরুষের আলাদা কোন ব্যবস্থা নেই বলেও জানান তারা।