২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা-ভাংচুরের মামলায় ৩ বিএনপি নেতা কারাগারে

বালিয়াকান্দিতে বাড়িঘর, দোকানপাটে হামলা-ভাংচুরের মামলায় জামিন নামঞ্জুর করে তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান মশিউল আযম চুন্নু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা শওকত সিরাজের জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা বিচারক মোহাম্মদ আব্দুল মান্নান এর আদালতে জামিনের আবেদন করেন।

গত ৪ মার্চ বালিয়াকান্দি শহরের দোকানপাট এবং বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ নেতা নায়েব আলী উল্লেখিত তিনজনসহ ১২৪ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মামলা করলে তারা হাইকোর্ট থেকে জামিন নেন।

বৃহস্পতিবার জামিনের মেয়াদ শেষ হলে তারা রাজবাড়ীর আদালতে হাজির হলে  বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।