২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকীর চেহলাম শুক্রবার

নারায়ণগঞ্জের মেধাবী স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর চেহলাম শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

এ উপলক্ষে শহরের পুরাতন কোর্টের বাসভবনে বাদ জুমা মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।

এদিকে ৪০ দিন পার হলেও পুলিশ ত্বকী হত্যাকান্ডের কারণ উদঘাটন করতে পারেনি। ঘটনার পর রিফাত বিন ওসমান এবং ইউসুফ হোসেন লিটন নামে দুই যুবককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোন তথ্য পাওয়া যায়নি বলে মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানিয়েছেন।

গত ৬ মার্চ বিকালে শহরের পুরাতন কোর্টের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ত্বকী। পরে ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের পর ওই দিন রাতেই সদর মডেল থানায় রফিউর রাব্বি কারো নাম উল্লেখ না করে কিছু তথ্য দিয়ে একটি মামলা দায়ের করেন।

এর ১০ দিন পর গত ১৮ মার্চ রাতে রফিউর রাব্বি ত্বকী হত্যায় জড়িত থাকার সন্দেহ পোষণ করে সাবেক সাংসদ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ ‘ক্যাডার’ ক্যাঙ্গারু পারভেজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সহ সভাপতি রাজীব দাস, সালেহ রহমান সীমান্ত এবং রিফাত বিন ওসমানের নাম উল্লেখ করে পুলিশ সুপারের কাছে একটি অবগতিপত্র প্রদান করেন।

পুলিশ সুপারকে ত্বকী মঞ্চের চিঠি

এদিকে শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত চাষাঢ়া শহীদ মিনার থেকে নগর ভবন পর্যন্ত মানবন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়েছে সন্ত্রাস নিমূল ত্বকী মঞ্চ।

চিঠিতে বলা হয়, ত্বকী মঞ্চ ১২ এপ্রিল এই কর্মসূচি ঘোষণা করে। কিন্তু পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি বাধাগ্রস্ত করতে ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শামীম ওসমানও একই দিন একই সময় কর্মসূচি দিয়েছে।  দিয়েছে।