২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

মজুরি-বোনাসসহ ৯ দফা দাবিতে গাজীপুর সদর উপজেলার তেলিপাড়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

তারা বিক্ষোভ মিছিলসহ গাজীপুর জেলা প্রশাসক  বরাবর স্মারকলিপিও দিয়েছে।

কারখানার শ্রমিক মুন্না হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকার ‘এস কিউ ক্রিস্টাল সেলসিয়াস লিমিটেড’ নামের পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছে দীর্ঘ দিন ধরে শ্রমিকরা বেশ কিছু দাবি জানিয়ে আসছেন।

কিন্তু কর্তৃপক্ষ দাবিগুলো না মেনে স্থানীয় ‘সন্ত্রাসী বাহিনী’ দিয়ে শ্রমিকদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে।

তাদের দাবির মধ্যে রয়েছে- উৎপাদন দর পিসপ্রতি ৬৫ পয়সা থেকে বৃদ্ধি করে ৯৫ পয়সা করা, উৎপাদন বোনাস ১ হাজার ৪০০ টাকা থেকে ২ হাজার টাকা করা, অতিরিক্ত কাজের মুজুরি, দুপুরের খাবার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা, বেআইনিভাবে শ্রমিক ছাটাই বন্ধ, শ্রম আইন মেনে কারখানা চালানো, হাজিরা বোনাস প্রদান ইত্যাদি।

শ্রমিকদের কর্মবিরতি ও আন্দোলনের মুখে কর্তৃপক্ষ গত ৮ এপ্রিল কারাখানা বন্ধ ঘোষণা করে। গত ১৫ এপ্রিল কারখানা আবার চালু হলে শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ ওইদিন আবারো কারখানা বন্ধ ঘোষণা করে।

পরে বৃহস্পতিবার কারখানাটি আবার চালু করা হয়।

শিল্পাঞ্চল পুলিশ (জোন-২, গাজীপুর)এর উপসহকারি পরিচালক মো. সেলিম রেজা জানান,  বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে যান। এসময় কর্তৃপক্ষ শ্রমিকদের হাতে বেশকিছু শর্ত সংবলিত একটি করে নোটিশ ধরিয়ে দেয়।

কর্তৃপক্ষ শমিকদের বলে যে, যারা কাজ করবে তাদেরকে এই কাগজে স্বাক্ষর করে কারখানার নিয়ম মেনে কাজ করতে হবে। কিন্তু শ্রমিকরা কর্তৃপক্ষের চাপিয়ে দেয়া সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুর মহাসড়কে মিছিল করে। পরে তারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

পরে শ্রমিকরা জেলা শহরের রাজবাড়ি মাঠে স্মৃতিসৌধের সামনে বেলা ১টা পর্যন্ত অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেয়।

সমাবেশে বক্তব্য রাখেন- মুন্না হোসেন, মিলন রানা,  উজ্জল সরকার,  শাহীন আলম, মামুন ও ইমরান প্রমুখ।

পরে শ্রমিকরা কারখানা গেটে গিয়ে অবস্থান নেয়। সেখানে

কর্তৃপক্ষ কিছু দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তা না মেনে আন্দোলন চালিয়ে যায়। পরে বিকালে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে জানতে কারখানার সহকারি ব্যবস্থাপক রাইসুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায় নি।