২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগারদের মুক্তি দাবিতে ঢাবিতে সমাবেশ

ইন্টারনেটে কথিত ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে গ্রেপ্তার ব্লগারদের মুক্তির দাবিতে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা।     

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার সামনে ঢাবি শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ অন্যদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সুব্রত অধিকারী শুভকে ছাড়িয়ে আনতে না পারার ব্যর্থতা স্বীকার করে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, তাকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রচেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হচ্ছে ক্যাম্পাস থেকে কোনো কর্মচারীকেও যদি ধরে নিয়ে যাওয়া হয় বা আটক করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু সুব্রত শুভ’র ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। তাকে ধরে নিয়ে যাওয়ার অনেক পরে আমরা তা জানতে পেরেছি।”

“যখন জেনেছি তখন প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত যোগাযোগ করেছি। কিন্তু তাকে কী কারণে ছেড়ে দেওয়া হচ্ছে না তাও জানতে পারিনি।”

হেফাজত ইসলাম নামের একটি সংগঠনের দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রোপ্তারের পর শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে সাত দিনের রিমান্ডে নেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন।

এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় আসিফকে। পরদিন তাকেও একইভাবে তিন দিনের রিমান্ডে নেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম। পরে রিমান্ড বাড়ানো হয় আরো এক দিন।

ঢাবি শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে ‘তুলে’ নিয়ে যাওয়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশ্য শুভকে বিনা অনুমতিতে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে ‘দুঃখপ্রকাশ’ করা হয়েছে বলে দাবি করেছেন প্রক্টর আমজাদ।

তার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্মানুভূতিতে আঘাত হানার জন্য যদি শুভদের গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে যারা মসজিদের মাইকে মিথ্যা বক্তব্য ছড়িয়েছে, মন্দির ভেঙেছে এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? আইন তো সবার জন্য সমান।”

বাংলা বিভাগের শিক্ষার্থী পিন্টু রঞ্জন অর্কের সঞ্চালনায় সমাবেশের আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক রফিকউল্লাহ খান ও মেহের নিগার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীন, ড. ফাহমিদুল হক ও শামীম রেজা এবং ইতিহাস বিভাগের শিক্ষক ড. আশফাক হোসেন প্রমুখ।

ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশনসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও সমাবেশে সংহতি প্রকাশ করা হয়।