সৈয়দপুর বিমানবন্দর উন্নয়নের কথা ভাবছে সরকার
সৈয়দপুরের বিমানবন্দরের মানোন্নয়ন নিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ফারুক খান বলেন, “একটি আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি সরকারের কাছে সৈয়দপুর বিমানবন্দরের মানোন্নয়নের বিষয়ে প্রস্তাবনা দিয়েছে। বিমানবন্দরকে ঘিরে দক্ষিণ এশিয়ার জন্য একটি আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র তৈরি করার অংশ হিসেবে তারা এই প্রস্তাবনা দিয়েছে। এ বিষয়ে ষ্টাডি করে সরকারের কাছে তাদের একটি রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।”
“রিপোর্ট ইতিবাচক হলে সরকারও বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা করবে। এতে সৈয়দপুর বিমানবন্দরকে ঘিরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাথে কানেকটিভিটি বৃদ্ধি পাবে।”
উত্তরবঙ্গে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় সৈয়দপুর বিমানবন্দরটি ওই অঞ্চলের সামগ্রিক উন্নয়নেও অংশ রাখতে পারে বলে মনে করেন বিমানমন্ত্রী।
তিনি বলেন, “দেশের কয়েকটি বিমানবন্দরকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা সরকারের রয়েছে। অনেকগুলো বিমানবন্দর এখন বন্ধ রয়েছে। বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে অর্থনৈতিক ভাবে লাভজনক হতে পারে এমন বিমানবন্দর পুনরায় চালুর বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে।”
