২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াতের বাধায় পুলিশের অভিযান ব্যর্থ

সিরাজগঞ্জের দুটি স্থানে জামায়াতে ইসলামীর কর্মীদের ধাওয়ার মুখে অভিযান শেষ না করেই ফিরতে হয়েছে পুলিশকে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার সদর উপজেলায় জামায়াতকর্মীদের হাতে ‘আটক’ এক ছাত্রলীগকর্মীকে উদ্ধারের এবং বেলকুচি উপজেলায় আসামি ধরতে অভিযানে গিয়েছিল পুলিশ।

জামায়াত-শিবিরকর্মী ও স্থানীয় নারী-পুরুষরা সদর উপজেলার চন্ডিদাসগাতিতে লাঠিসোঁটা ও ঝাড়ু মিছিল করে এবং বেলকুচিতে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বলে অভিযান থেকে ফিরে আসা পুলিশ সদস্যরা জানিয়েছেন।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের দিন চন্ডিদাসগাতিতে পুলিশের গুলিতে দুই শিবিরকর্মী নিহত হন। ঘটনার পর ওই এলাকার নেতাকর্মীরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ‘পুলিশ প্রতিরোধ কমিটি’ করেছে।

পুলিশ সেখানে যেতে চাইলে আশপাশের ছয়টি গ্রামের নারী-পুরুষরা পুলিশকে বাধা দেয়, বলেন তিনি।

সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবিরের হাতে আটক এক যুবককে উদ্ধার করতে পুলিশ ওই গ্রামে যায়। কিন্ত গ্রামবাসী পুলিশ দেখে উত্তেজিত হয়ে উঠে।

“অল্প সংখ্যক পুলিশ থাকায় তারা সহিংসতা এড়াতে নিরাপদ দুরত্বে চন্ডিদাসগাতি বাজারে এসে অবস্থান নেয় পুলিশ। পরে আটক যুবককে ছেড়ে দেয়া হয়েছে বলে জেনেছি।”

চন্ডিদাসগাতি গ্রামের আসাব হোসেনের ছেলে উজ্জলকে (২০)  উদ্ধারে পুলিশ ওই অভিযানে গিয়েছিল।

জামায়াত নেতা জাহেদুল বলেন, পুলিশকে তথ্য দিয়ে জামায়াত-শিবিরনেতাকর্মী আটকে সহায়তা করায় উজ্জলকে সকালে একটি ‘সালিশ বৈঠকে’ হাজির করা হয়। দুপুর ১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

তবে উজ্জ্বল পুলিশকে তথ্য দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, “কয়েকজন শিবিরকর্মী তাকে আটক করলেও স্থানীয় মাতব্বররা বিষয়টি মীমাংসা করে দিয়েছে।”

এদিকে পুলিশের ওপর হামলার মামলার আসামি গ্রেপ্তারে বুধবার মধ্যরাতে বেলকুচি উপজেলার কল্যাণপুরে রওনা দিয়েছিল পুলিশের একটি দল।

বেলকুচি থানার ওসি শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে আসামি ধরতে যাওয়ার পথে রাস্তায় গাছের গুড়ি ও ইটপাটকেলের প্রতিবন্ধকতা দেখে পুলিশ ফিরে আসতে বাধ্য হয়।

সাঈদীর রায়ের পর গত ২৯ এপ্রিল পুলিশের ওপর জামায়াতকর্মীদের হামলার ঘটনায় মামলাটি হয়।