২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিষেধাজ্ঞাই পদ্মায় দুর্নীতির প্রমাণ’

বিশ্ব ব্যাংক কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে নিষিদ্ধ করায় পদ্মাসেতু প্রকল্পে সরকারের ‘নজিরবিহীন’ দুর্নীতি ‘প্রমাণিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির এক শীর্ষ নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

Image
খন্দকার মোশাররফ হোসেন

খন্দকার মোশাররফ হোসেন

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার এক প্রতিবাদ সমাবেশে বলেন, “পদ্মাসেতুর প্রকল্পে দুর্নীতির কথা বিশ্ব ব্যাংক যখন প্রথম জানিয়েছিল, সরকার তখন একে ‘বোগাস’ বলেছিল। গতকাল বিশ্ব ব্যাংক এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞাই প্রমাণ করে, পদ্মা সেতুতে নজিরবিহীন দুর্নীতি হয়েছে।”

পদ্মা সেতুর পরামর্শকের কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ সাধার অভিযোগে এসএনসি-লাভালিনের সাবেক দুই কর্মকর্তার বিচার চলছে কানাডায়। বাংলাদেশে দুদকও তাদের বিরুদ্ধে মামলা করেছে।

এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দেয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর গত জানুয়ারির শেষে বাংলাদেশ সরকার তাদের ‘না’ করে দেয়।

আর কানাডায় দুর্নীতি মামলার শুনানির মধ্যেই বুধবার এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানালো বিশ্ব ব্যাংক।  

খন্দকার মোশাররফ বলেন, “সরকারের পায়ের নিচে মাটি নেই। এখন তারা নেতাদের কারাগারে আটকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। সরকার একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র করছে।”

এর পরিণতি ‘শুভ হবে না’ বলেও সরকারকে সতর্ক করেন এই বিএনপি নেতা।

“আমরা সরকারকে স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই- ষড়যন্ত্র ও বাঁকা পথে ক্ষমতায় থাকার স্বপ্ন ভুলে যান। আপনারা যদি মনে করেন, বিরোধী দলকে বাদ দিয়ে এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। জনগণ সেই নির্বাচন হতে দেবে না।”

চার বছরের শাসনমালে সরকারের ব্যর্থতা, দুর্নীতি, বিচারবর্হিভুত হত্যাকাণ্ড, আর্থিকখাতে কেলেঙ্কারীর বিভিন্ন সংগঠিত ঘটনা তুলে ধরেন খন্দকার মোশাররফ।

তিনি বলেন, “চার বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ৪৬২টি। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ বিরোধী দলের নেতাদের গুম করা হয়েছে। চার বছরের গুমের মাধ্যমে হত্যার সংখ্যা ১৫৬ জন। এসব কিছু নজিরবিহীন ঘটনা।"

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসহ আটক নেতাদের মুক্তির দাবিতে খিলগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ হয়।

খিলগাঁও বিএনপির সভাপতি ইউনুস মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিল, খিলগাঁও, বাসাবো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য দেন।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “নেতাদের আটক রেখে সরকার যেনতেনভাবে একটি নির্বাচনের পায়তারা করছে। এর বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।”

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরস আটক নেতাদের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া বক্তব্য রাখেন।