২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের মৃত্যুতে নিম্ন আদালতের কার্যক্রম মুলতবি

ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বৃহস্পতিবার ঢাকার নিম্ন আদালত কার্যক্রম মুলতবি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 08:42 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

মস্তিকে রক্তক্ষরণের কারণে গত ১২ এপ্রিল ফ্রান্সের প্যারিসে মারা যান মোজাম্মেল হোসেন। তার মরদেহ বুধবার দেশে আসার পর ঢাকায় দুই দফা জানাজা হয়। 

মোজাম্মেল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার জেলা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম, মুখ্য বিচারিক হাকিম ও নির্বাহী হাকিম আদালতের বিচারকাজ মুলতবি রাখেন বিচারকরা।

ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভাপতি কাজী নজিবুল্লাহ হীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার মুখ্য মহানগর ও মুখ্য বিচারিক হাকিম আদালতে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম রয়েছে এমন আসামিদের ক্ষেত্রেই শুধু শুনানি হচ্ছে। অন্য কোনো মামলার শুনানি বা সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে না।

ঢাকা আইনজীবী সমিতি আদালতের কার্যক্রম মুলতবির এ প্রস্তাব আনে বলে হীরু জানান।

তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেনের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলাসহ তারেক ও গিয়াস আল মামুনের বিরুদ্ধে দুটি অর্থ পাচার মামলা বিচারাধীন ছিল।

বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বিচারকের মৃত্যুতে তা পিছিয়ে দেয়া হয়েছে।

দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হক ভারপ্রাপ্ত বিচারক হিসবে এ মামলায় অভিযোগ গঠনের জন্য ২২ মে নতুন দিন রেখেছেন।  

বুধবার বিকেল সাড়ে ৫টায় মোজাম্মেল হোসেনের মরদেহ দেশে পৌঁছানোর পর রাতে খিলক্ষেতের কুর্মিটোলা হাইস্কুল মাঠে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জজকোর্ট প্রাঙ্গণে দুটি জানাজা হয়।

বিচারপতি মো. এএনএম  বশির উল্লা, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক, ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদসহ নিম্ন আদালতের আরো কয়েকজন বিচারক জানাজায় অংশ নেন।

মোজাম্মেল হোসেনেকে ফেনীর দাগনভূঁইয়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।