২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের কার্গো ভিলেজে এবার চুরি

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই চুরির ঘটনা ঘটেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশের সন্দেহ।

বিমানবন্দর থানার এসআই শাহাবউদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

যেখানে চুরি হয়েছে, বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের মালামাল সেখানে সংরক্ষিত থাকে।

যাত্রীরা আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ মালপত্র বুঝে নেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ লক্ষাধিক টাকার সম্পদ খোয়া গেছে।”

তবে তদন্তের আগে ক্ষতির পরিমাণ জানা যাবে না, বলেন তিনি।

চুরির বিষয়ে বিমানের কাস্টমার সার্ভিসের পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুরির ঘটনাটি শুনেছি। তবে এর বেশি কিছুই জানি না।”

তিনি কার্গো বিভাগের মহাব্যবস্থাপক আলী আহসান বাবুর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

তবে বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

গত ৫ এপ্রিল কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের যে কমিটি করা হয়েছে, ওই কমিটির প্রতিবেদনে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার গলদের বিষয়টি উল্লেখ করা হয়েছে।