২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুর রহমান ‘অনশনে’

কারাবন্দি মাহমুদুর রহমান অনশন করছেন বলে দাবি করেছেন তার আইনজীবী ও ঘনিষ্ঠরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

আমার দেশ সম্পাদককে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের পর বুধবার ঢাকার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তিনি জামিনের কোনো আবেদন করেননি।

আইনজীবীরা আদালতে জানিয়েছেন, রিমান্ডে থাকা অবস্থায় তিনটি দাবিতে তিন দিন ধরে অনশন করেছেন মাহমুদুর রহমান। কারাগারেও তা চালিয়ে যাবেন।

গণজাগরণবিরোধী মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়ানো নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫ এপ্রিল থেকে অনশন করছেন আমার দেশ সম্পাদক।

মাহমুদুরের দাবি তিনটি হল- তার মা মাহমুদা বেগম ও সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দিয়ে পত্রিকা প্রকাশের সুযোগ করে দেয়া, আমার দেশের ছাপাখানার ১৯ কর্মচারীকে মুক্তি দেয়া।

মাহমুদুরকে গ্রেপ্তারের পর সেদিনই তেজগাঁওয়ে আমার দেশের ছাপাখানায় তালা লাগিয়ে দেয় পুলিশ। তবে বাইরে থেকে পত্রিকাটি ছাপা হচ্ছিল।

এরপর আমার দেশ বেআইনিভাবে ছাপানোর অভিযোগে সংগ্রাম সম্পাদক ও আমার দেশের চেয়ার‌ম্যান মাহমুদুর রহমানের মায়ের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

“মাহমুদুর রহমান কিন্তু নিজের মুক্তির কথা বলেননি। তিনি বলেছেন, এই তিন দাবি না মানলে আমৃত্যু তিনি অনশন চালিয়ে যাবেন,” বলেন ফরহাদ মজহার।

মাহমুদুর রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, গত তিন দিন ধরে মাহমুদুর রহমান পানি ছাড়া আর কিছুই খাননি। দাবি না মানা হলে তিনি কারাগারেও অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহমুদুরকে গত ১১ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনেও মামলা হয়।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় পুলিশ। অসুস্থ হয়ে পড়লে তাকে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

বিচারক সহিদুল ইসলাম আমার দেশ সম্পাদককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে কারাবিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা ও প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেয়ার নির্দেশ দেন।

জামিন আবেদন না করার বিষয়ে সানাউল্লাহ মিয়া বলেন, “আদালত এখন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে। যে কারণে আজও মাহমুদুর রহমান এ আদালতের কাছে জামিন আবেদন করেননি।”

গ্রেপ্তারের পর আদালতে নেয়া হলে সেদিনও জামিন আবেদন করেননি মাহমুদুর রহমান। তিনি বিচারককে বলেছিলেন, “আমি জানি, উপরের নির্দেশ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না।’

প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে মাহমুদুরকে বাইরের হাসপাতালের চিকিৎসা দেয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “আমি দেশি ও বিদেশি সব মানবাধিকার কর্মী ও সংগঠনের কাছে এই সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহবান জানাচ্ছি।”

পুরনো খবর:

মাহমুদুর রহমান ‘অনশনে’
‘জানি, সব ওপরের নির্দেশে’
মাহমুদুর রহমান গ্রেপ্তার