চাঁদপুরে কালবৈশাখীর ছোবলে শতাধিক বসতঘর বিধ্বস্ত
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মধ্যচরে কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে।
এছাড়া একই পরিবারের ৩ সদস্যসহ অন্তত ১০জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে মাত্র ২-৩ মিনিট স্থায়ী ওই ঝড়ে মধ্যচর, মাঝিরচর ও মিয়ারবাজারের প্রায় শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়। এর মধ্যে অধিকাংশই কাঁচাঘর।
কিছু ঘরের চাল উড়ে নদীতে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয় ওইসব ঘরের আসবাবপত্র ও মালামাল।
নীলকমল ইউপি চেয়ারম্যান রতন হাজী বলেন, কালবৈশাখী ঝড়ে এসব মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে সহায়তা দেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সহযোগিতা চেয়েছেন তিনি।
