২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক ধর্মঘটে বেনাপোলে ১২ শেডের পণ্য উঠানামা বন্ধ

ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পাওনা পরিশোধের দাবিতে বেনাপোল বন্দরের ১২টি শেডের (গুদামের) আমদানি পণ্য উঠানো-নামানো বন্ধ করে দিয়েছে হ্যান্ডলিং শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একাংশের  সভাপতি জাহাঙ্গীর আলম লাল জানান বুধবার সকাল থেকে বন্দরের দুটি ইউনিয়নের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ১২টি গুদামের মালামাল উঠানো- নামানো বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, খালিদ অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বন্দরের ওই  ১২টি শেডের পণ্য লোড-আনলোডের কাজ করে। তাদের কাছে চার বছর আগের পাঁচ লাখ ৫৬ হাজার টাকা পাওনা রয়েছে শ্রমিকদের।

“টাকা পরিশোধে সাত দিনের সময় বেঁধে দেয়া হলেও তা না দেয়ায়  শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে।”

এ ধর্মঘটের কারণে প্রতিদিন প্রায় তিন লাখ মেট্রিক টন পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে জানান তিনি।

টাকা আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন এই শ্রমিক নেতা।

তবে খালিদ অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি ওহিদুজ্জামান বলেন, শ্রমিকদের সঙ্গে চার বছর আগের  আড়াই লাখ টাকার একটি লেনদেন বাকি রয়েছে এবং তা শ্রমিকদের মজুরির অর্থ নয়।

এ বিষয়ে বন্দরের পরিচালক (ট্রাফিক) তোফাজ্জল হোসেন বলেন, কাজ শুরুর ব্যাপারে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

বন্দরের অন্যান্য গুদামে পণ্য উঠা-নামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।